ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ছে, চীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের।
কূটনৈতিক আলোচনার ভাঙনের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ এই অস্থিরতাকে আরও তীব্র করছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়েছে, চীন খুব শিগগিরই ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। যদিও ট্রাম্প এ দাবিকে অস্বীকার করেছেন, তবুও বিষয়টি সত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তাদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তিনি স্পষ্ট করেন, এমন পরিস্থিতিতে চীনও ছাড় পাবে না।
একইসঙ্গে তিনি জানান, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক হলেও ইরানকে অস্ত্র সরবরাহের মতো পদক্ষেপ নিলে তা বড় ধরনের অর্থনৈতিক প্রতিক্রিয়া ডেকে আনবে।
অন্যদিকে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমনকি এসব সরঞ্জাম তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহ করা হতে পারে, যাতে সরাসরি সম্পৃক্ততা আড়াল থাকে।
তবে এসব অভিযোগ নাকচ করেছে ওয়াশিংটনে চীনা দূতাবাস। এক মুখপাত্র জানিয়েছেন, ইরান-সংক্রান্ত সংঘাতে চীন কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের তথ্য সঠিক নয়।
সূত্র: এনডিটিভি

মতামত দিন