অর্থনীতি
ছবি: সংগৃহীত

ঋণ শোধ করল এক্সিম ব্যাংক, ক্রোকের নির্দেশের পর পরিশোধ ব্যাংক এশিয়াকে।

নিজেস্ব প্রতিবেদক:

এক্সিম ব্যাংক অবশেষে ব্যাংক এশিয়ার কাছে তাদের পুরনো ঋণ শোধ করেছে। প্রায় এক বছর আগে তারল্য সংকট সামাল দিতে ব্যাংক এশিয়া থেকে ধার নিয়েছিল এক্সিম ব্যাংক, তবে মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত দিতে পারেনি।
এ অবস্থায় ব্যাংক এশিয়া আদালতের শরণাপন্ন হয় এবং চলতি মাসের ৪ আগস্ট ঢাকার অর্থঋণ আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ দেন। তবে ২৭ আগস্ট নির্ধারিত ৩৯২ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করে দেয় এক্সিম ব্যাংক।

ব্যাংক সূত্র জানিয়েছে, এক্সিম ব্যাংক মূলত ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল। সুদ ও অন্যান্য চার্জ যোগে এর পরিমাণ দাঁড়ায় আরও ৪২ কোটি টাকার বেশি। কিন্তু সংকট কাটিয়ে উঠতে না পারায় দীর্ঘদিন ঋণ পরিশোধ সম্ভব হয়নি। অবশেষে আদালতের আদেশের মুখে ঋণ শোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছিল, এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ না থাকলেও তাদের প্রধান কার্যালয় ওই জায়গাতেই অবস্থিত। ব্যাংকটির আর্থিক অবস্থার ভঙ্গুরতায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি অন্য একটি ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগও নিয়েছে। তাই প্রধান কার্যালয় ক্রোক না করলে ব্যাংক এশিয়ার পাওনা আদায় অনিশ্চিত হয়ে পড়বে বলেই আদালত নির্দেশ দিয়েছিল। শুনানি শেষে বিচারক ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন এবং আপত্তি না জানানো পর্যন্ত অস্থায়ীভাবে প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ দেন।

তবে সার্বিক বিষয়ে জানতে ব্যাংক এশিয়ার এমডি সেলিম আর কে হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মুঠোফোনে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।

মতামত দিন