ইশরাকের শপথে আইনি জটিলতা, আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে এখনো নানা আইনি জটিলতা রয়ে গেছে। এসব সমস্যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "ডিএনসিসি মেয়র পদে শূন্যতা ও নতুন মেয়র নিয়োগ ঘিরে মেয়াদ সংক্রান্ত কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা জনদুর্ভোগের দিকটি বিবেচনা করছি। আন্দোলনরতদেরও নাগরিকদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।"
তিনি আরও জানান, সমস্যা সমাধানে কাজ চলছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এছাড়া পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যেন খেলা না হয়, সে বিষয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। খেলার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বিসিবি নির্বাচন নিয়েও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন ঘিরে কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট মহল বিষয়টি নিয়ে কাজ করছে।”
মতামত দিন