গুলিস্তানে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক।
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ মে) বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, বিকেলে গুলিস্তানে মিছিলের প্রস্তুতির সময় দলটির ১১ নেতাকর্মীকে আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
এর আগে, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার গত ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করে।একটি খসড়া প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী গুম, খুন, নির্যাতন, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অপরাধে জড়িত ছিল। এসব অপরাধের প্রমাণ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের আদালতে বহু মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দলটির নেতাকর্মীরা নানা উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ কারণে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সংশোধিত অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কর্মসূচি, গণমাধ্যমে প্রচার, সভা-সমাবেশ ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন