নগরভবনের গেটে গেটে আজও তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকপন্থিদের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন টানা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ করে রেখেছেন ইশরাক হোসেনপন্থিরা। তাদের দাবির কেন্দ্রবিন্দু—বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া।
নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে দায়িত্ব দাও’, ‘আসিফের পদত্যাগ চাই’—এই ধরনের স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা। আন্দোলনকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করছেন।
আন্দোলনকারীদের ভাষ্য, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও তাকে শপথ পাঠ করানো হচ্ছে না কেন, তার ব্যাখ্যা চান তারা। তাদের হুঁশিয়ারি—ইশরাককে শপথ পাঠ করানো না হলে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
দিনভর নগর ভবনের সামনে অবস্থান শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগর ভবন থেকে শুরু হয়ে গোলাপ শাহ মাজার, গুলিস্তান, প্রেসক্লাব ও শিক্ষা ভবন হয়ে আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা হয়েছিল। তাপস সেই মামলা থামাতে প্রভাব খাটিয়েছিলেন। আদালতের নির্দেশ মেনেই আমরা বিজয়ী হয়েছি। এখন যদি কেউ এই রায়ের বিরুদ্ধে কথা বলেন, সেটি আদালত অবমাননার শামিল।”
তিনি অভিযোগ করেন, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখনো তাকে শপথ করানো হয়নি, অথচ তিনি শপথ নিতে সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত তাকে শপথ পাঠ করানো হয়নি।

মতামত দিন