রাজনীতি
ছবি: সংগৃহীত

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান।

মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগ ও মৎস্য ব্যবসায়ী সমিতির শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে টেকেরহাট বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার। ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেয় এনসিপি রাজৈর উপজেলা শাখা।

এ সময় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলার প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, বাচ্চু বাঘা, রাজিব বাঘা ও মনির ফকিরসহ স্থানীয় নেতারা।

আমিনুল হাওলাদার বলেন, “আমি অনেক আগেই আওয়ামী লীগ ছাড়ি। আমার ছেলেরা সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, আমিও তা সমর্থন করেছি। এনসিপির দুর্নীতিবিরোধী অবস্থান ও আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা এই দলে যোগ দিচ্ছি। টেকেরহাটে এনসিপির ঘাঁটি গড়ে তুলব।”

রাজৈর উপজেলা এনসিপির নেতা মহাসিন ফকির বলেন, “আমাদের সততা ও অবস্থান দেখে আজ শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এটি আমাদের জন্য বড় অর্জন।”

আরেক স্থানীয় নেতা জাবের হাওলাদার বলেন, “দেশ স্বাধীন হয়েছে কারো গোলামি করার জন্য নয়। আমরা একনায়কতন্ত্র ও দুঃশাসনের বিরুদ্ধে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই।”

মতামত দিন