রাজনীতি
ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষায় সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে:জোনায়েদ সাকি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরোনো কর্মসূচিকে নতুন মোড়কে তুলে ধরার যে প্রবণতা রয়েছে, তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, পরিবেশ রক্ষার প্রশ্নে দলের সঙ্গে কার ঐক্য আছে সেটি মুখ্য নয়, মূল বিষয় হলো—ক্ষমতায় যারা থাকবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

শনিবার (১৭ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘পরিবেশবান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশে আইন পাস হয় ঠিকই, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয় না। রাজনৈতিক দলগুলোর সামনে এখন চ্যালেঞ্জ—এই বাস্তবতা বদলানো। নতুন প্রজন্ম রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব উদ্যোগ দেখতে চায়। বিশ্বকে বাসযোগ্য রাখতে হলে প্রকৃতি ও প্রাণের অনুকূল নীতিনির্ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই দেশ মূলত নদীবাহিত পলিতে গড়ে উঠেছে। কিন্তু উজানে বাঁধ নির্মাণের কারণে পলিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতি ঝুঁকিতে পড়েছে। পরিবেশ বিষয়ে জনগণ যতদিন না সচেতন হবে, ততদিন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিশ্রুতি পাওয়া যাবে না।”

সাকি বলেন,জনগণ জাগ্রত হলে পরিবেশ সুরক্ষা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ থাকবে না, নির্বাচনী ইশতেহারেও তার প্রতিফলন ঘটবে।

মতামত দিন