রাজনীতি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সিদ্ধান্তের কারনে আজও পানির ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ: মির্জা ফখরুল।

আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ আজও ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর আহ্বানে লাখো মানুষ ফারাক্কা লংমার্চে অংশ নেয়। উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গার ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং  আন্তর্জাতিক আইনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়। কিন্তু সেই সময়ের আওয়ামী লীগ সরকার জনগণের মত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। এই সিদ্ধান্ত আজ বাংলাদেশের জন্য এক ভয়াবহ মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বলেন, অভিন্ন ৫৪টি নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার এবং একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ মরুভূমির পথে। পানির অভাবে কৃষিজমি নষ্ট হচ্ছে, হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

বিএনপি মহাসচিব বলেন,আন্তর্জাতিক আইন ও চুক্তি উপেক্ষা করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ আজও ততটাই প্রাসঙ্গিক।

তিনি বলেন, “১৬ মে ১৯৭৬—মওলানা ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে সাহসী লংমার্চ আমাদের সংগ্রামের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। এ দিবস প্রতি বছর আমাদের ন্যায্য পাওনা আদায়ের আন্দোলনে প্রেরণা জোগায়।”

বিবৃতির শেষে মির্জা ফখরুল বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনের আহ্বান জানান।

মতামত দিন