ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান।
ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড.মোহাম্মদ আব্দুল মোমেন।এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে দুদক।
বুধবার (১৪ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার ভিত্তিতেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হতে পারে। বিষয়টি নিয়ে আমরা সক্রিয় আছি।”
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনার ভাগনি এবং ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। “টিউলিপ সিদ্দিক হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। নিয়ম অনুযায়ী এই সুযোগ সবাই পায়। কেউ যদি আদালতে উপস্থিত না হন, তাহলে আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি মানা হয়, সেটাই অনুসরণ করা হবে।”
ড. মোমেন জানান, “যদি কাউকে স্বাভাবিকভাবে দেশে ফেরানো সম্ভব না হয়, কিংবা কেউ বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন, তাহলে তাকে ‘অ্যাবস্কন্ডিং’ (পলাতক) হিসেবে বিবেচনা করা হবে।”
এর আগে, চলতি বছরের ২৩ এপ্রিল দুদক জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়, যার তদন্ত করছে দুদক।
মতামত দিন