জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধানের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর না করলে সরকারের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে। তিনি এ মন্তব্য করেন সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “এই সরকার নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়নি। এর বৈধতা এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। যদি পুরোনো সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের জন্য আজ আমরা এক মঞ্চে দাঁড়াতে পেরেছি। শতশত শহীদের রক্তের বিনিময়ে এখানে আসতে পেরেছি। জাতীয় সংসদে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত আদেশ বাস্তবায়ন নিশ্চিত করতে চাই।”
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মনজুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ। এছাড়া এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত দিন