মিথ্যা মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কার্যক্রম বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মিথ্যা মামলা দিয়ে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কার্যক্রম বন্ধ করা যাবে না।
রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে তার নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে যদি কেউ সেই আন্দোলনের চেতনার সঙ্গে আঁতাত করে বা দুর্নীতিবাজদের আশ্রয় দেয়, তাহলে প্রতিরোধ ছাড়া আর কোনো পথ থাকবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে নানা কৌশল প্রয়োগ করে অনেক প্রার্থীকে হারানো হয়েছে। তবে স্থানীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। তিনি বরিশাল বিভাগের নেতাকর্মীদের নির্বাচন প্রস্তুতির জন্য সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের অন্যান্য নেতারা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগের নেতারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন