স্বাধীনতা দিবসে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় জ্বালানি সংকট ও কৃচ্ছ্রতা সাধনের প্রেক্ষাপটে এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “প্রতিবারের মতো আমরা স্বাধীনতা দিবসে আলোকসজ্জার আয়োজন করি। কিন্তু চলতি পরিস্থিতিতে এবং জ্বালানি সংকটকে মাথায় রেখে এবার আলোকসজ্জা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দিবসটি আয়োজন করবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার দায়িত্বে থাকবে।
২৬ মার্চ সকালে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করবেন। এ কার্যক্রম যাতে নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং যানবাহনের চলাচল সহজ হয়, সেই ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া মন্ত্রী জানান, ঈদের আগে জনসাধারণ ও শিল্পকর্মীদের স্বার্থে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের বিষয়ে শ্রমিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তিনি আশ্বাস দেন, সরকার ও ব্যাংকিং খাতের সহায়তায় অধিকাংশ ক্ষেত্রে সময়মতো অর্থ পরিশোধ সম্ভব হবে।
সালাহউদ্দিন আহমদ মব (মোব কালচার) এবং অন্যান্য অপরাধ মোকাবিলার বিষয়ে বলেন, “মব এবং স্পট ক্রাইম আলাদা বিষয়। নরসিংদী ও চট্টগ্রামে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে মব কালচার দ্রুত শূন্যের দিকে আসবে। আমাদের নীরব থাকবার কোনো মানে নেই; ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মতামত দিন