রাজনীতি
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জবাবে ব্যক্তিগত এবং পরিবারের ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করেছেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এতে নিজের পাশাপাশি বাবার, মায়ের ও স্ত্রীর ব্যাংক হিসাবও প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর সময়ই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে নিজের আয়-সম্পদের পূর্ণ বিবরণ জমা দিয়েছিলেন। এরপরও বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হওয়ায় জনগণের সামনে সব ব্যাংক হিসাব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, প্রথমে কেবল নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে স্বচ্ছতা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের হিসাবও প্রকাশ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে।

পারিবারিক আর্থিক অবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, তার বাবার পাঁচটি ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষকতা পেশার সুবাদে নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের বিপরীতে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি রয়েছে। ফলে প্রকৃত হিসাবে তার বাবা এখনো প্রায় ৮২ হাজার টাকার দেনায় রয়েছেন।

আসিফ মাহমুদ জানান, তার মায়ের একমাত্র ব্যাংক হিসাবে জমা আছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

নিজের হিসাব প্রসঙ্গে তিনি বলেন, তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে জমা আছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি ছিল উপদেষ্টা থাকাকালীন ব্যবহৃত বেতনভিত্তিক অ্যাকাউন্ট, যার মাধ্যমে বেতন ও সরকারি ভাতাসহ সব আর্থিক লেনদেন সম্পন্ন হতো।

তিনি জানান, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের সময়ে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা বেতনসহ বিভিন্ন ভাতা ওই হিসাবে জমা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সব মিলিয়ে দুই অ্যাকাউন্টে তার মোট জমা রয়েছে প্রায় ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

ব্যাংক হিসাব প্রকাশের মাধ্যমে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অবসান হবে বলে আশা প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র।

মতামত দিন