রাজনীতি
ছবি: সংগৃহীত

পদ-পদবী নয়,সম্পর্ক ও ঐক্যই যশোর উন্নয়নের মূল চাবিকাঠি:অনিন্দ্য ইসলাম অমিত।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পদ ও অবস্থানকে কেন্দ্র করে সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “সফল হওয়ার পর যদি নিজেদের নির্দিষ্ট কোনো বলয়ে আবদ্ধ করে ফেলি, তা সামষ্টিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।

বৃহত্তর যশোরের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি।”

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যশোর সাংবাদিক ফোরামের ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের জামায়াত এমপি অধ্যাপক মুক্তার আলী।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “সম্পর্ক স্থায়ী হতে হলে তা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হবে। পদ-অবস্থান বিবেচনায় সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না।” তিনি প্রয়াত পিতা ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের উদাহরণ উল্লেখ করে বলেন, ক্ষমতার পালাবদল হলেও বাবা বলেছিলেন, দাওয়াত আসলে পদ-পদবীর ওপর নয়, সম্পর্কের ওপর নির্ভর করে।

তিনি যশোরের উন্নয়নে বর্তমান সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “বৃহত্তর যশোরের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের মধ্যে সমন্বয় করতে পারলে যশোরের ব্যাপক উন্নয়ন সম্ভব।”

ঐক্যহীনতার কুফল তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে দুই যশোর সভাপতি পদে দাঁড়িয়ে দুজনই হেরেছেন। অনিন্দ্য ইসলাম অমিত বললেন, “একজন ঠিক করলেই ফলাফল আসত। একা নয়, সবাই মিলে ভালো থাকার চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী, যশোর জেলা সমিতির সভাপতি জেলা প্রশাসক আজারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, রশীদ চ্যাটার্জি, তৌহিদুল ইসলাম মিন্টু, মুরসালীন নোমানী; যশোর জেলা সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম এ রশীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল কবীর চঞ্চল, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ ঢাকাস্থ যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহমুদ সোহেল বলেন, “যশোরের যে কোনো উন্নয়নে ফোরাম পাশে থাকবে। যোগ্য রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে যশোরকে দেশের মধ্যে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে এগিয়ে নিতে সাহায্য করবে ঢাকায় কর্মরত সাংবাদিকরা।”

অনুষ্ঠানে ফোরামের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন এবং প্রতিশ্রুতি দেন, যশোরের মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ফোরাম বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

মতামত দিন