অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য, কাউকেই ছাড় দেওয়া হবে না: এমপি হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, গোমতী চরের মাটি কাটার কারণে নদীর গতিপথ ও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বন্যার সময় ফসল, বাড়িঘর ও রাস্তাঘাট নষ্ট হচ্ছে এবং মেরামতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সাময়িক স্বার্থের জন্য জনগণ ও সরকার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
টপসয়েলের ক্ষতির বিষয়েও তিনি সতর্ক করে বলেন, দুই একর জমি থেকে টপসয়েল কাটার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমিতেও পড়তে পারে। এতে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে কৃষি খাতে বড় ক্ষতি হয়। এছাড়া ২২টি ইটভাটার অধিকাংশ লাইসেন্সবিহীন; যারা শর্ত অনুযায়ী ব্যবসা করছেন এবং পরিবেশ ক্ষতি করছেন না, তাদের ছাড়া বাকিদের ছাড় দেওয়া হবে না। নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনা ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি জনগণের কাছে দায়বদ্ধ; কোনো প্রভাবশালী গোষ্ঠী, দল বা ব্যবসায়ীকে নয়।”
তিনি মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দীর্ঘ ৩৩ বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমানো সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া। শেষপর্যায়ে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মতামত দিন