রাজনীতি
ছবি: সংগৃহীত

‘তথ্য উপদেষ্টার মন্তব্যে শপথ ভঙ্গের অভিযোগ’-দাবি ছাত্রশিবির নেতার।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক মন্তব্যকে ‘সংবিধানবিরোধী’ আখ্যা দিয়ে তা শপথ ভঙ্গের শামিল বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার (১২ মে) বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম বলেন, “কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা দায়িত্বে থাকাকালীন এমন মন্তব্য করা কোনোভাবেই শোভনীয় নয়। এটি সরাসরি শপথ ভঙ্গের শামিল।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করে মাহফুজ আলম যেটি করেছেন, তাতে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে এ কাজ করেছেন।”

শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও নুরুল ইসলাম জানান, “এই বক্তব্য অনভিপ্রেত। আমরা আশা করি তিনি এ বক্তব্য প্রত্যাহার করবেন এবং ব্যাখ্যা দেবেন কেন এমনটি করেছেন।”

যুদ্ধাপরাধ ইস্যুতে শিবিরকে জড়ানোর চেষ্টা

শিবিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রসঙ্গে সাদ্দাম বলেন, “ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত, সুতরাং মুক্তিযুদ্ধ ও রাজাকার সংশ্লিষ্ট ইস্যুতে শিবিরকে জড়িয়ে বারবার যে ‘ব্লেইম গেইম’ খেলা হয়, তা অবিচার। আগে আওয়ামী লীগ এ কৌশল ব্যবহার করেছে, এখন কেউ সেটি আবার করতে চাইলে জনগণ ভালোভাবে নেবে না।”

তিনি আরও দাবি করেন, “আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের আন্দোলন করছি। মাহফুজ আলমসহ উপদেষ্টা পরিষদের যারা আছেন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি।”

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়তার দাবি

সাদ্দাম বলেন, “ফ্যাসিবাদের দোসর ও গণহত্যায় জড়িত দলটিকে নিষিদ্ধের আন্দোলনে ছাত্রশিবির ছিল সক্রিয় ও সহায়ক। আগেও নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে আমরা অংশ নিয়েছি।”

এনসিপির সঙ্গে সম্পর্ক

এনসিপির সঙ্গে ছাত্রশিবিরের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক আছে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন,“এনসিপি যখন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন ছাত্রশিবির তাদের কোনো কর্মসূচিতে লোক পাঠায়নি। তারা যখন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ ছিল,তখন বলেছিল তারা রাজনৈতিক সংগঠন নয়।তবে জুলাই আন্দোলন একটি যৌথ প্লাটফর্ম ছিল, সেখানে শিবিরও অংশ নেয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে

‘কোরআন দিবস’ উপলক্ষে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

মতামত দিন