আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি: প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার তেজগাঁও শাপলা হলের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের কাঠামো ও দায়িত্বসমূহ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের প্রতি প্রত্যাশা রাখে, আর সেই প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীরা মূল ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও ক্রীড়া খাতসহ নির্বাচনী মেনিফেস্টোর সব এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তারেক রহমান সবাইকে সততা, আইন ও গোপনীয়তা মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি ও অনিয়ম কমাতে সহায়ক ভূমিকা রাখবেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

মতামত দিন