এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই প্রতিপাদ্য সামনে রেখে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় আয়োজন হিসেবে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে দলটির গত এক বছরের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরতে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি অল্প সময়ের মধ্যেই জাতীয় রাজনীতিতে আলোচনায় আসে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক মাঠে সক্রিয় অবস্থান ধরে রাখে দলটি।
সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হয়ে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। নির্বাচনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, এবারের আয়োজনকে শুধুমাত্র দলীয় অনুষ্ঠান হিসেবে নয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীদারদের মিলনমেলায় রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমজীবী ও পেশাজীবী প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতেও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ এবং ৩ মার্চ কুমিল্লায় ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন