দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: মির্জা ফখরুল।
দেশের সামগ্রিক পরিস্থিতি অতীতের তুলনায় স্থিতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে জুমার নামাজ আদায়ের পর একটি মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই রূপ দিতে সরকার কাজ করছে। পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আরও সুসংহত হয়।
নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণের সমর্থনই তাকে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে এবং সেই আস্থার প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা চলছে।
সরকার গঠনের পর তিন দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম। সফরের অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শুক্রবার বিকেলে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া শনিবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক আয়োজনে অংশ নেওয়ার সূচি রয়েছে। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।
মতামত দিন