আগামী ১০ মার্চ প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর করবেন। সফরের মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, এই সফরটি তারেক রহমানের প্রথম বগুড়া সফর।
ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে পাইলট এলাকায় নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যেই মাঠ পর্যায়ে সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও আলাদা কমিটি গঠন করা হয়েছে, যাতে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।
এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবে। সুবিধাভোগীরা হবে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারী সদস্যরা, যাদের মধ্যে একজনকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে।
পরীক্ষামূলক কার্যক্রম চার মাস চলবে। সফল হলে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মতামত দিন