জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার দ্রুত তদন্ত করা হবে: মির্জা ফখরুল।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের হত্যাকাণ্ড দ্রুত তদন্ত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।
এছাড়া মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট শাসনকালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও অকার্যকর করা হয়েছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন, জবাবদিহিতা নিশ্চিত এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
তিনি ঠাকুরগাঁও-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি এই এলাকায় ভোটদাতাদের কাছে ঋণী। তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি যতটুকু সম্ভব দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

মতামত দিন