রাজনীতি
ছবি: সংগৃহীত

মির্জা আব্বাসকে দেওয়া হলো নতুন দায়িত্ব।

নিজেস্ব প্রতিবেদক:

নদী ও খাল পুনরুদ্ধার কার্যক্রমকে গতি দিতে প্রশাসনিক কাঠামোয় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই আট সদস্যের একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে।

২৩ ফেব্রুয়ারি, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই সেলটি কার্যক্রম শুরু করবে বলে উল্লেখ রয়েছে।

সেলের প্রধান কাজ হবে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় আনা এবং অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে প্রচার কার্যক্রমও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবদের। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রয়োজনে সেলের সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। সেলের প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে।

মতামত দিন