আহসান এইচ মনসুরকে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি সরকার:নাহিদ ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভেঙে পড়া আর্থিক কাঠামো পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে। তার দাবি, দায়িত্ব পালনের সময় ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি দেখা গিয়েছিল। বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে কার্যক্রম নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ কিছু প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত হানে। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, গভর্নরের ঘনিষ্ঠ একজন উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।
নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তিকে না জানিয়ে দায়িত্ব থেকে সরানো হয়েছে, যা প্রাতিষ্ঠানিক শিষ্টাচারের পরিপন্থী। পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির অতীত আর্থিক বিতর্কের বিষয়ও সামনে আনেন তিনি।
সরকারের এই পদক্ষেপ দেশের ব্যাংকিং খাতে ভবিষ্যতে কী প্রভাব ফেলবে—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
মতামত দিন