রাজনীতি
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কীভাবে নেবেন, লাগবে কোন কোন কাগজপত্র?

নিজেস্ব প্রতিবেদক:

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে, যার নাম ‘ফ্যামিলি কার্ড’। এই কর্মসূচির মাধ্যমে পরিবারের মহিলা সদস্য বা গৃহকর্ত্রীকে মাসিক নগদ সহায়তা প্রদান করা হবে, যা একই সঙ্গে নারীর ক্ষমতায়নে সহায়ক হবে।

প্রাথমিকভাবে দেশের নির্বাচিত কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তী পর্যায়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় দেশের অন্যান্য এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য, অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোকে সরাসরি উপকৃত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

ফ্যামিলি কার্ড পেতে আগ্রহী পরিবারগুলোকে জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়া ঘরে বসেই অনলাইনে আবেদন করার সুযোগের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

একটি পরিবারকে শুধুমাত্র একটি কার্ড ইস্যু করা হবে। কার্ডের মাধ্যমে পরিবারগুলো মাসিক নগদ অর্থ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য সহায়তা পাবেন।

সরকার ইতিমধ্যেই প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সহায়তা প্রদানের জন্য ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। কমিটির সভাপতির দায়িত্বে আছেন অর্থমন্ত্রী। অন্যান্য সদস্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এবং কয়েকজন উপদেষ্টা ও সচিব অন্তর্ভুক্ত আছেন।

কমিটি কার্যক্রম তদারকি করবে এবং নিশ্চিত করবে যে, সাহায্যপ্রাপ্ত পরিবারগুলো প্রকল্পের সুবিধা ন্যায্যভাবে পাচ্ছে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো আর্থিকভাবে স্থিতিশীল হয়ে উঠবে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।

মতামত দিন