মোহাম্মদপুর–আদাবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে পুলিশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সম্প্রতি ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার থাকলেও কোন ধরনের অপরাধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী অভিযোগ করেছেন, নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক কিছু কেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছিলেন, যার ফলে শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন এবং এখনও কয়েকজন ভর্তি রয়েছেন।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচনে জয়ী হওয়ার আগে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা চালিয়ে হামলা করেছে। তবে আমরা আইনকে অগ্রাধিকার দিয়ে, কোনো অবৈধ কর্মকাণ্ড ছাড়বো না এবং আহতদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সেনা ক্যাম্প সরানোর পর এলাকার পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চুরি ও ছিনতাই প্রতিরোধে এলাকায় ৫৫০টি সিসিটিভি, ২০টি পুলিশ বক্স এবং বসিলাতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি করা হবে।
মতামত দিন