রাজনীতি
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে রাজনৈতিক উত্তেজনা,বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে রাতের বেলা সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষ মিলিয়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে ঘটনার সূত্রপাত ও দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বড়উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাট এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, কথাকাটাকাটি থেকে শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

বিএনপির স্থানীয় নেতারা দাবি করেছেন, তাদের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন কর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের মধ্যে যুবদল, ছাত্রদল ও কৃষকদলের সদস্য রয়েছেন বলে তারা জানিয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, তাদেরও একাধিক কর্মী মারধরের শিকার হয়েছেন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

দক্ষিণ জেলা বিএনপির এক নেতা অভিযোগ করেন, ভোটসংক্রান্ত বিরোধের জেরে আগে থেকেই উত্তেজনা ছিল। তার ভাষ্য অনুযায়ী, নামাজ আদায় করতে গেলে তাদের কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

অন্যদিকে জামায়াতের উপজেলা নেতৃত্ব দাবি করেছে, সন্ধ্যার পর থেকে তাদের কর্মীদের বাড়িঘরে হামলার চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে বাজার এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মতামত দিন