দেশে গণতন্ত্র,আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে তারেক রহমান:জামায়াত আমির
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন নতুন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রত্যাশা প্রকাশ করা হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং তাদের জানমাল ও সম্মান রক্ষা পায়, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, নতুন সরকারের দায়িত্ব এসেছে এমন এক সময়ে, যখন কিছু পতিত ফ্যাসিবাদী দোসর দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জনগণকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিরোধী নেতা বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ছাত্র-যুবসমাজ যে আত্মত্যাগ করেছে, তা চিরদিন স্মরণীয় থাকবে।
তিনি জামায়াতে ইসলামীর সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হোক।

মতামত দিন