রাজনীতি
ছবি: সংগৃহীত

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরাসরি নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরাসরি নতুন বার্তা দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সুপারিশটি আগে ভালোভাবে দেখতে হবে, তা না দেখে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, “মোট কতটুকু অর্থায়ন প্রয়োজন, কতটা বাস্তবায়ন সম্ভব—এসব আমাদের যাচাই করতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার তুলনায় সবচেয়ে খারাপ। এই তথ্য দেখে আমরা নির্ধারণ করব, কখন, কীভাবে এবং কতটুকু বাস্তবায়ন  করা সম্ভব। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেব।”

এর আগে ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনে জয়লাভ করলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য গঠিত জাতীয় বেতন কমিশন ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। কমিশন সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ স্কেল ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী আংশিক বাস্তবায়ন ইতোমধ্যে ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত গেজেট প্রকাশ ও পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানিয়েছিলেন, পে-স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার।

মতামত দিন