নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কার্যক্রম, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়নসংক্রান্ত তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমান–এর সরকারের এই পেজটির নাম রাখা হয়েছে PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্টরা বলছেন, তথ্যপ্রবাহে স্বচ্ছতা বাড়ানো এবং গুজব প্রতিরোধে এটি সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে।
পেজটিতে প্রধানমন্ত্রীর ছবি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ইতোমধ্যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন ও প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির আপডেট নিয়মিত প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিকেলে বঙ্গভবন–এ নতুন মন্ত্রিসভা শপথ নেয়। পরে রাতেই গেজেট প্রকাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার দায়িত্ব গ্রহণ করে।
সরকার পরিবর্তনের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও রদবদল আনা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আগের অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ Chief Advisor GOB থেকে বিদায়ী বার্তা দিয়ে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় ওই পেজের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে।
মতামত দিন