রমজান মাসের মধ্যেই চালু হবে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী।
আসন্ন রমজান মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ ছিল। বাস্তবে এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
কার্ডের আওতায় কত পরিবার আসবে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কর্মসূচিটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথমে হতদরিদ্রদের দিয়ে শুরু হতে পারে, এরপর দরিদ্র ও পরে মধ্যবিত্ত পরিবারকে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। এ বিষয়ে সুপারিশ দিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে। সরকারের উচ্চপর্যায়ে এমন ইচ্ছা আছে বলেও তিনি জানান। তবে বাস্তবায়নের কৌশল ও প্রক্রিয়া চূড়ান্ত করতেই বর্তমানে আলোচনা চলছে।

মতামত দিন