মব কালচার বরদাস্ত নয়, দাবি তুলতে হবে নিয়ম মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী।
দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক বা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে মব কালচারের প্রবণতা বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে থাকবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, গণতান্ত্রিক অধিকার হিসেবে মিছিল-সমাবেশ চলবে, তবে কোনো দাবির জন্য জোরপূর্বক রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। যথাযথ প্রক্রিয়ায় দাবি উত্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে মূলত পুলিশকেই বোঝানো হয়, যদিও এর আওতায় আরও কয়েকটি সংস্থা রয়েছে। পুলিশের ভাবমূর্তি পুনর্গঠন করে তাদের সত্যিকারের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করার ওপর জোর দেন তিনি।
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, মন্ত্রণালয়ের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং অবৈধ তদবিরের সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়িত হলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও জানান তিনি।

মতামত দিন