সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নির্দেশনা।
নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে রমজান মাস সামনে রেখে সার্বিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজারদর স্থিতিশীল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিদান দিতে সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে—এমন বার্তা বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বজনপ্রীতি এড়িয়ে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনাও এসেছে।
এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ঘোষিত বিশেষ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
দেশের শ্রমবাজার নিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্যের গুরুত্ব তুলে ধরে নুর বলেন, অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকারের সময় এ অঞ্চলে কর্মসংস্থান বিস্তারে অগ্রগতি হয়েছিল। তবে নানা কারণে সেই বাজারে কিছু স্থবিরতা এসেছে, যা কাটাতে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফর এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও মত দেওয়া হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, অচিরেই ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এর আগের দিন নতুন সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।

মতামত দিন