রাজনীতি
ছবি: সংগৃহীত

সরকারি গাড়ি নয়, ব্যক্তিগত গাড়িতেই চলাচলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি গাড়ির পরিবর্তে নিজস্ব গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, ব্যক্তিগত চালক এবং নিজস্ব অর্থে কেনা জ্বালানিতেই চলাচল করছেন। এদিন গুলশানের বাসা থেকে সাদা টয়োটা গাড়িতে করে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে একই গাড়িতে শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সচিবালয়ে যান তিনি।

রুমন আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের আকারও কমানো হয়েছে। আগে যেখানে প্রায় ১৩-১৪টি গাড়ি থাকত, এখন তা চারটিতে সীমিত করা হয়েছে। যানজট কমানো এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাসের বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন বলেও জানানো হয়। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি আগমনের সময় প্রয়োজন অনুযায়ী পতাকা ব্যবহারের সুযোগ থাকবে।

মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার দিকেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে ভিআইপি চলাচলের কারণে জনদুর্ভোগ কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তার চলাচলের সময় সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন না রাখার নির্দেশ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে বলেও জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

মতামত দিন