দেবিদ্বারে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এমপি হাসনাত আব্দুল্লাহর।
হাসনাত আব্দুল্লাহ নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। বিশেষ করে বাজার এলাকায় নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তোলা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলা নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের প্রেক্ষিতে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। ওই সময় স্পষ্টভাবে জানান, কাঁচাবাজারের নির্ধারিত অংশের মধ্যেই ইজারার টাকা সংগ্রহ করতে হবে, এর বাইরে চাঁদা তুলতে গেলে জনরোষের দায় তিনি নেবেন না।
এমপি বলেন, কেউ জোর করে টাকা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও জানান, চাঁদা তোলার সঙ্গে জড়িত ব্যক্তি শাহ আলম নির্ধারিত এলাকার বাইরে টাকা তুলতে এলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজদের আশ্রয় বা প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
কুমিল্লা জেলার এই আসনে নির্বাচিত হওয়ার পরপরই এলাকায় সক্রিয় হয়েছেন তিনি। বিভিন্ন গ্রাম ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি আগামী মার্চের মধ্যে বাস্তবায়নের কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন।
মতামত দিন