অবাধ্যতার অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিনজনকে শোকজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিরাজগঞ্জের বেলকুচি ও সদর উপজেলায় ভোটারদের মারধর এবং চাঁদাবাজির অভিযোগে জেলা বিএনপি দুই নেতার পদ স্থগিত করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা দলের দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলকে ভোটারদের হুমকি এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে মারধরের অভিযোগে পদ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।
তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। অন্যথায় স্থায়ীভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন