রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী প্রথম সাক্ষাৎ, জামায়াত আমিরের বাসায় তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো তারেক রহমান সাক্ষাৎ করেছেন ডা. শফিকুর রহমান–এর সঙ্গে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত প্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক মহলে নতুন করে নানা আলোচনা তৈরি করেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলশানের নিজ বাসা থেকে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। প্রায় আধা ঘণ্টা পর তিনি জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে আলোচনায় থাকা নেতাকে কীভাবে আপ্যায়ন করা হবে— এমন প্রশ্নও উঠে এসেছে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এহসানুল মাহবুব জোবায়ের জানান, অতিথির ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, তারেক রহমান যে ধরনের খাবার বা আয়োজন পছন্দ করেন, সেই অনুযায়ীই আতিথেয়তার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে বড় জয় পেয়েছে। ঘোষিত ফলাফলে দলটি ২০৯টি আসনে জয়ী হয় এবং জোটসঙ্গীদের তিনটি আসন যোগ হলে তাদের মোট আসন দাঁড়ায় ২১২। দীর্ঘ সময় পর এমন ফলাফল দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে দলীয় সূত্রের দাবি।

সাম্প্রতিক এই বৈঠককে তাই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেও দেখছেন পর্যবেক্ষকদের কেউ কেউ।

মতামত দিন