রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে আপত্তি থাকলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সংলাপে রাজি জয়।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপত্তি থাকলেও ভবিষ্যতে তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিলে তাঁর সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কঠিন পরিস্থিতিতেও আলোচনাকেই তিনি নিজের রাজনৈতিক পন্থা হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় ভিডিও কনফারেন্সে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি সম্প্রচার হয়।

তিনি নির্বাচনের ফলাফল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিছু ইতিবাচক প্রতিক্রিয়া থাকলেও তা গ্রহণযোগ্য নয় বলে মত দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের বড় রাজনৈতিক শক্তিগুলোর একটি নিষিদ্ধ থাকা এবং কয়েকটি প্রগতিশীল দল নির্বাচনের বাইরে থাকায় ভোট প্রতিযোগিতা বাস্তবসম্মত হয়নি। এতে করে জামায়াতে ইসলামী তাদের প্রকৃত জনসমর্থনের তুলনায় সংসদে বেশি প্রভাব পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ পরিস্থিতিকে তিনি এমন এক নির্বাচনী বাস্তবতার সঙ্গে তুলনা করেন, যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর একটি অনুপস্থিত থাকলে প্রতিযোগিতার স্বাভাবিকতা নষ্ট হয়। ফলে নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য বলা কঠিন বলে তাঁর দাবি।

জামায়াত প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, আওয়ামী লীগ সরকার সরাসরি দলটিকে নিষিদ্ধ করেনি; বরং আদালতের সিদ্ধান্তের কারণে তারা ভোটে অংশ নিতে পারেনি। দলটি গঠনতন্ত্র সংশোধন করলে পুনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারত বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, বিষয়টি পুরোপুরি একপাক্ষিক নয়। তাঁর মতে, ওই তিন নির্বাচনের মধ্যে দুটি ক্ষেত্রে বিরোধী দলই ভোটে অংশ নেয়নি, যা পরিস্থিতিকে জটিল করেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক বা বিদেশি সাংবাদিকরা নির্বাচনকে গ্রহণযোগ্য বললে তা মেনে নেওয়া হবে কিনা—এ প্রশ্নে তিনি সংশয় প্রকাশ করেন। তাঁর মতে, সীমিত পর্যবেক্ষক উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তাদের মূল্যায়ন পুরো বাস্তবতা প্রতিফলিত নাও করতে পারে।

বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে দেশে ফিরে আসার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বাস্তবতা সময়ের সঙ্গে বদলায় বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জয় মনে করেন, একসময় তিনি ফিরবেন, তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর জন্য বাংলাদেশে ফেরা নিরাপদ নয় বলে তিনি ধারণা করেন।

মতামত দিন