রাজনীতি
ছবি: সংগৃহীত

মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার অনুরোধ নাসীরুদ্দীন পাটওয়ারীর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন। পাশাপাশি, বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণও স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম আবেদনটি নির্বাচন কমিশনে জমা দেন। আবেদনে ভোট কারচুপি, কেন্দ্রে অনিয়ম ও অবৈধ প্রভাব বিস্তার সংক্রান্ত ১২টি কেন্দ্রের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

তিনি দাবি করেন, “মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়ম করেছেন। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং অফিসারও এই অনিয়মে জড়িয়ে পড়েছেন। এভাবে আমাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এই দরখাস্তের মাধ্যমে আমি ভোট কারচুপি ও নির্বাচনী অনিয়মের বিষয়টি কমিশনের নজরে আনছি। আশা করি, কমিশন আইন ও বিধি অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফলের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মোট ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট। পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২,৮১৪ এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২,৫৫৫ ভোট।

মতামত দিন