রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচন দাবি কুমিল্লা-০৪ ট্রাক প্রতীকের প্রার্থীর।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

জসিম উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন এবং ভোটের দিন তার প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ’র সমর্থকরা অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয়রা তাদের আটক করেছিলেন। এই ঘটনা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীর অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে অস্ত্র মহড়া করেছেন। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ আটজন আটক হওয়ার ঘটনাও ঘটেছে।

ভোটের দিনে জসিম উদ্দিনের এজেন্টদের কেন্দ্র থেকে বের করা হয় এবং কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে আগেই কিছু ব্যালট সিল মেরে রাখা হয়। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে এসব ব্যালট বাক্সে ঢোকানো হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, অনেক কেন্দ্রে তার সমর্থকদের উপর ভয়ভীতি দেখানো হয়েছে এবং নগদ অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। অস্ত্রসহ সন্ত্রাসী আটক, অবৈধ অর্থ বিতরণ, এজেন্ট বহিষ্কার এবং ব্যালট কারচুপির মতো অভিযোগ প্রশাসনের কাছে জানানো হলেও কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন দেশবাসী ও নির্বাচন কমিশনকে আহ্বান জানান, ‘ভয়ভীতি, প্রভাব ও অনিয়মে প্রভাবিত এই নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করতে হবে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মজুমদার, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ অন্যান্যরা

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (ট্রাক প্রতীকে) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

মতামত দিন