রাজনীতি
ছবি: সংগৃহীত

হাতিয়ায় সহিংসতার অভিযোগ, আতঙ্কে দিন কাটছে মানুষের:হান্নান মাসউদ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনের পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দের বদলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, কয়েকদিন ধরে এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বেসরকারিভাবে নির্বাচিত এই সংসদ সদস্য।

তার দাবি, নির্বাচনের পর প্রায় সাড়ে চারশ’ বাড়িঘরে হামলা হয়েছে এবং শতাধিক দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। বসতবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ ও সাধারণ মানুষকে মারধরের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

হান্নান মাসউদের ভাষ্য, হাতিয়া উপজেলার ইতিহাসে কোনো নির্বাচনের পর এত বড় সহিংসতার নজির নেই। পরিস্থিতি অস্থিতিশীল করতে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের এলাকায় আনা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের দিন সকালে তার গাড়িতে হামলা হয় এবং তার স্ত্রী, বাবা ও ভাইয়ের ওপর একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। এসব হামলার নেতৃত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম দিয়েছেন বলে অভিযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ বলেন, সব ভয়ভীতি ও সহিংসতার মধ্যেও হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মতামত দিন