রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোট পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া সহিংসতা, প্রতিহিংসা এবং রাজনৈতিক দখলদারিত্বের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দেশের নির্দিষ্ট রাজনৈতিক অংশে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে।

এতে ভিন্ন মতের মানুষ ও প্রতিদ্বন্দ্বী দলগুলোকে ভয়ভীতির মধ্যে ফেলে, গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশ বিপন্ন হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় এগারো দলীয় জোটের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা একে অপরের ওপর হামলা চালাচ্ছেন। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংগঠিত শক্তি প্রদর্শন ও রাজনৈতিক আধিপত্য স্থাপনের চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের পর মাঠ দখল করে সন্ত্রাস চালানো কোনোভাবেই সফল হবে না।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে সব সহিংসতা বন্ধ করতে হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে, প্রশাসনের নীরবতা ও পক্ষপাত এই সংকটকে আরও গভীর করবে।

তিনি হুঁশিয়ারি দেন, যদি কেউ নতুন করে সন্ত্রাস ও দখলদারিত্বের চেষ্টা করে, তাহলে ছাত্র-জনতা এবং সচেতন নাগরিক সমাজ গণতান্ত্রিক উপায়ে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। পাশাপাশি তিনি সহিংসতা বন্ধ করে আইনশৃঙ্খলা ও জনগণের আস্থা ও অংশগ্রহণের ওপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন