ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্বীকার করে সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি বলেন, শুরু থেকেই দলটি কার্যকর ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং সেই অবস্থান এখনও অপরিবর্তিত। নির্বাচনের সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী সময় জুড়ে যারা মাঠে কাজ করেছেন— স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকেই সময়-শ্রম দেওয়ার পাশাপাশি ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসিকতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্বীকার করেন, ফলাফল নিয়ে হতাশা থাকা স্বাভাবিক। তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি উল্লেখ করে জানান, ৭৭টি আসন নিয়ে সংসদে দলের উপস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং একটি শক্তিশালী বিরোধী অবস্থান তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বাস্তবতা সময়ের সঙ্গে বদলায়— অতীতেও বিভিন্ন দলের উত্থান-পতনের উদাহরণ রয়েছে। তাই এখন জনগণের আস্থা অর্জন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সবশেষে তিনি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ রাজনীতি অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, সংসদে গঠনমূলক বিরোধী ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় অগ্রগতিতেও অবদান রাখতে চায় দলটি।

মতামত দিন