রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতাকর্মীদের ওপর লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে: আখতার হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর অঞ্চলে নির্বাচন–পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, হারাগাছ এলাকায় তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে।

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের সদস্যসচিব আখতার হোসেন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরের জুলাই স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

তার বক্তব্য অনুযায়ী, বিকেল থেকেই এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে হামলা চালানো হচ্ছে। অনেককে মারধর করে আহত করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট এবং মোটরসাইকেল নষ্ট করার অভিযোগও করেন তিনি। কিছু বাসিন্দাকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকদের একটি অংশ এলাকায় সহিংস তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয় পায় এবং তাদের জোট মোট ৭৭টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই শতাধিক আসনে জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মতামত দিন