রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে: আখতার হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিজয়ী প্রার্থী আখতার হোসেন দাবি করেছেন, এবারের ভোটে আওয়ামী লীগ কার্যত রাজনীতি থেকে ছিটকে গেছে এবং একইসঙ্গে জাতীয় পার্টি জনগণের সমর্থন হারিয়েছে।

রাতের দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ফল ঘোষণা হলে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি–সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে মোট ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা (ধানের শীষ) পান ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট—ফলে ৮ হাজার ৩৩১ ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয় নিশ্চিত হয়। পোস্টাল ভোটের হিসাব তখনো যুক্ত হয়নি বলে জানানো হয়।

ফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনিয়ম, সহিংসতা ও কারচুপির অভিযোগ উঠেছে—এসব বিষয়ে দলীয়ভাবে পর্যালোচনা চলছে এবং শিগগির আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

নিজের বিজয়ে ভোটার, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আখতার হোসেন বলেন, রংপুর অঞ্চলের বৈষম্য কমিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন তার প্রধান লক্ষ্য।

মতামত দিন