আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করুন: ইসিকে এনসিপি আহ্বায়ক নাহিদ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় নিবন্ধন দ্রুত বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১১ মে) সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে নাহিদ বলেন, “বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই। সরকারকেও সাধুবাদ। এখন দ্রুত সব সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে। তবে জুলাই ঘোষণাপত্র এবং বিচারের দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন,“সারাদেশে যারা ফ্যাসিস্ট গণহত্যায় জড়িত ছিল, তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।সেইসঙ্গে নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।”
এর আগে শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি নিয়ে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ লেখেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের সব শক্তির ঐক্য কাম্য। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে গোটা বাংলাদেশ আবারও ঢাকা অভিমুখে মার্চ করবে।”
বক্তব্যে তিনি আরও বলেন, “যারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র,ইসলাম, নারী ও মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে,সেই ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মতামত দিন