রাজনীতি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার রাতের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রাত ১১টার দিকে রাজধানীর যমুনা টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করে শোনান আসিফ নজরুল। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী অনুমোদনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল এখন থেকে রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন কিংবা সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিচার চলাকালে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনৈতিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে সব কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সভায় জানানো হয়, এ সংক্রান্ত প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। পাশাপাশি, ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।    

মতামত দিন