রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোটকে শহীদদের আমানত উল্লেখ করে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজেস্ব প্রতিবেদক:

নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দেশবাসীকে ভয়মুক্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।


বার্তায় তিনি বলেন, ভোট কেবল ব্যক্তিগত অধিকার নয়; এটি শহীদদের রক্তে অর্জিত এক মূল্যবান আমানত। তাই নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা ভোট ডাকাতির বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দীর্ঘ অপেক্ষা ও ত্যাগের পর জাতি একটি গুরুত্বপূর্ণ সময়ের সামনে দাঁড়িয়ে আছে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে দেশের নতুন অধ্যায় রচনার এই মুহূর্তে জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দেশবাসীকে সব ধরনের ভয় ও দ্বিধা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জামায়াত আমির আরও বলেন, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সতর্ক থাকতে হবে, যাতে কোনো অনিয়ম বা কারচুপি সুযোগ না পায়। ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথ সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেষে তিনি আল্লাহর সাহায্য ও কল্যাণ কামনা করে বলেন, সত্য ও ন্যায়ের পথে যারা অবিচল থাকে তাদের প্রচেষ্টা বিফলে যায় না—আল্লাহর সহায়তা ও সফলতা নিকটেই রয়েছে বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন।

মতামত দিন