সময় যত যাবে, বিজয়ের তত কাছে পৌঁছাব: হাসনাত।
ভোটগ্রহণ শুরুর পর দেবিদ্বারের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে কুমিল্লা-৪ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ নির্বাচনী ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনের চিত্র আরও অনুকূলে যাবে বলে তিনি প্রত্যাশা করছেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত কোথাও ভোটগ্রহণে প্রক্রিয়াগত জটিলতা বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন যেন ভয় বা চাপের নয়, বরং গণতান্ত্রিক উৎসবের মতো হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট দেওয়ার অধিকার সম্পূর্ণ ব্যক্তিগত। দেবিদ্বারের মানুষ যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন—এটাই স্বাভাবিক। নির্বাচন ঘিরে ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে একাধিক প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা বেশ লক্ষণীয়।
মতামত দিন