রাজনীতি
ছবি: সংগৃহীত

বরিশাল-৩ এ ‘ঈগল’ প্রতীকের কার্যালয়ে ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ‘ঈগল’ প্রতীকের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মাধবপাশা ইউনিয়নে তার নিজ এলাকায় থাকা নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ কর্মকর্তারা। কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ফুয়াদ।

ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য, সকালে অফিসে দলীয় নেতাকর্মীরা কাজ করছিলেন। এ সময় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ঘনিষ্ঠ কয়েকজন নেতার নেতৃত্বে হঠাৎ হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। তিনি অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, সন্ত্রাসীদের তালিকা দেওয়ার পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কর্মীদের নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে।

অন্যদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিএনপি পক্ষের নেতারা। বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট সুলতান আহম্মেদ খান বলেন, এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। নির্বাচন ঘিরে পরিবেশ অস্থির করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

একই সুরে মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, কার্যালয় ভাঙচুরের ঘটনাটি সাজানো হতে পারে। তার অভিযোগ, ফুয়াদের সমর্থকেরা এলাকায় অর্থ ও ভুয়া ব্যালট বিতরণ করছিলেন—স্থানীয়দের বাধার মুখে বিষয়টি আড়াল করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

মতামত দিন