বিএনপি থেকে বহিষ্কৃত সেই মুন্সীকে ব্যাখ্যা দিতে তলব।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ তাকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্সীর একটি বক্তব্য ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ওই ঘটনার পরপরই বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেও ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনের শুনানিতে তার প্রার্থিতা বাতিল হয়। পরে হাইকোর্টে রিট ও আপিল বিভাগের অনুমতি চেয়েও তিনি প্রার্থিতা ফেরত পাননি। ফলে এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই তার।
বর্তমানে তিনি বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচারণায় যুক্ত রয়েছেন।

মতামত দিন